ঢাকা | মঙ্গলবার | ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভাঙুড়ায় জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কর্মশালা

পাবনার ভাঙুড়ায় জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় ভাঙুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ভাঙুড়া আয়োজিত এ কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাঙুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সভার সভাপতিত্ব করেন ভাঙুড়া উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

প্রোগ্রামে জিআইএস অ্যানালিস্ট মো. মারুফ খান আকাশসহ প্রকৌশলী ও পরিকল্পনাবিদরা বর্তমান গ্রামীণ সড়কের অবস্থা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ, জিআইএস প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা ও আলোচনা করেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক হালিম মাজাহার নূর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য স্থানীয় নেতারা মতামত পেশ করেন। এ সময় উপজেলা জামায়াতের আমির এবং সাংবাদিক মেহেদী হাসান উভয়েই জোর দিয়ে বলেন, চাটমোহর থেকে ভাঙুড়ার মধ্য দিয়ে উল্লাপাড়ার উধুনিয়া বাজার পর্যন্ত সংযুক্ত একটি জনৌপযোগী সড়ক নির্মাণ করা অত্যন্ত জরুরি।

কর্মশালায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং সড়ক উন্নয়নে সমন্বয় ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালাটি পরামর্শক প্রতিষ্ঠান বেটশ বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড সহযোগিতায় পরিচালিত হয়।