ঢাকা | বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

টফি থেকে ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ

২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারে বাংলাদেশের দর্শকদের জন্য আনন্দের খবর — দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারের অধিকার অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

এতে করে দেশের লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী টেলিভিশনের বাইরে থেকেও যে কোনো স্থান থেকে মোবাইল বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে লাইভ খেলা দেখার সুযোগ পাবেন। বাংলালিংকের ভেরিফায়েড পেজে বলা হয়েছে, টফি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বকাপের উত্তেজনার প্রতিটি মুহূর্ত লাইভ দেখতে পারবেন। তবে এই সেবার জন্য গ্রাহকদের নির্দিষ্ট ডেটা প্যাক বা টফির সাবস্ক্রিপশন অবশ্যই নিতে হতে পারে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, উচ্চমানের স্ট্রিমিং নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, বাংলালিংকের শক্তিশালী 4G নেটওয়ার্ক এবং টফির উন্নত প্রযুক্তি ব্যবহার করে দর্শকরা বাফারিং ছাড়া নিরবচ্ছিন্নভাবে খেলা দেখতে পারবেন। এমন বড় পর্যায়ের টুর্নামেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে আনার মাধ্যমে দেশের প্রযুক্তি খাতের অগ্রগতি প্রতিফলিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হবে। ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ৪৮ দল অংশ নিচ্ছে এবং নতুন ফরম্যাটে টুর্নামেন্টটি চলবে।

এই ঘোষণার ফলে টিভি ব্যাবস্থাপনায় অনিশ্চয়তা থাকলেও অনলাইন দর্শকদের জন্য নিশ্চয়তা মিলেছে। টফির এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের দীর্ঘ দিনের অনিশ্চয়তা অনেকাংশে কমিয়ে বড় স্বস্তি এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।