ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সোমবার (৪ মে) সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তারা চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার অভিপ্রায় জানিয়েছেন যে, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, জাতীয় উন্নয়ন অগ্রাধিক্য এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার সঙ্গে সঙ্গতি রেখে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী প্রণয় ভার্মার অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বে সফলতার শুভকামনা জানান।