ঢাকা | শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

বেজা ও মডার্ন সিনটেক্সের মধ্যে ৭.৫ মিলিয়ন ডলারের ভূমি লিজ চুক্তি

বাংলাদেশ অর্থনৈতিক এলাকা কর্তৃপক্ষ (বেজা) ও মডার্ন সিনটেক্স লিমিটেডের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক এলাকায় (এনএসইজেড) ৩.৭৫ একর জমি লিজ করে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বেজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করা হয়।

চুক্তির আওতায় মডার্ন সিনটেক্স এখানে হাই ভ্যালু পলিয়েস্টার ইয়ার্ন উৎপাদনকারী একটি আধুনিক কারখানা গড়ে তুলবে। কোম্পানিটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও আন্তর্জাতিক বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ বলেন, এনএসইজেডে দেশীয় শিল্পের বিনিয়োগ আমদানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বেজা বিনিয়োগ-বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্প স্থাপনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করে যাবে এবং শিল্প কার্যক্রম চালু করার সঙ্গে-কেড়ে পরিবেশগত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেবে।

মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, বেজার সহযোগিতায় এখানে অত্যাধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং দ্রুত সম্প্রসারণে কাজ চলমান থাকবে। বেজার পক্ষে নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ এবং মডার্ন সিনটেক্সের পক্ষে আবু সুফিয়ান চৌধুরী চুক্তিতে সাক্ষর করেন।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৫টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন চালাচ্ছে এবং আরও প্রায় ২০টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলমান আছে। সাগরতীরের ২৫ কিলোমিটার বিস্তৃত এই পরিকল্পিত শিল্পাঞ্চলে শুধুমাত্র কলকারখানাই নয়, নাগরিক সেবাসহ আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধাও বিন্যস্ত করার পরিকল্পনা রয়েছে।

মডার্ন সিনটেক্স লিমিটেড দেশের বিশিষ্ট টি কে গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। টি কে গ্রুপ ১৯৭২ সাল থেকে ভোজ্যতেল, স্টিল, টেক্সটাইল, কাগজ ও জাহাজ নির্মাণসহ নানা খাতে বিনিয়োগ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে। এনএসইজেডে মডার্ন সিনটেক্স ছাড়াও টি কে গ্রুপের সামুদা ফুড প্রোডাক্টস কার্যক্রম চালাচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বেজা ও মডার্ন সিনটেক্সের এই চুক্তি অঞ্চলটির শিল্পায়ন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে, পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও তৈরির কথা বলা হচ্ছে।