ঢাকা | বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনী ব্যয় না জমায় এনসিপি-সহ ৭ দলকে ইসি শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সদস্য মনির হোসেনের সই করা পৃথক সাতটি চিঠি বৃহস্পতিবার, ২৫ জুন সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

কমিশন জানিয়েছে, প্রথমে ১৬ মার্চ এক চিঠিতে এসব দলকে ১৩ মে’র মধ্যে ব্যয়ের বিবরণী দাখিল করার অনুরোধ করা হয়। পরে ১৯ মে আরও একটি সতর্কীকরণ নোটিশ পাঠিয়ে সময় বাড়িয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ওই দলগুলো তা দাখিল করেনি।

আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দেওয়া ব্যর্থ হলে কমিশন ১০,০০০ টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে। এরপরও যদি কোনো দল হিসাব দাখিল না করে, তাহলে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলের সুযোগও রয়েছে।

শোকজ নোটিশে প্রত্যেক দলের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ওপর ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা বা ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশনা জারি করা হবে না। ইসি দ্রুততর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দলগুলোকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে অনুরোধ করেছে।

ইসির শোকজ পেয়েছে এমন সাতটি দল হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।