ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির মনির হোসেন স্বাক্ষরিত পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ৪৪গগগ (১) ধারার ওপর ভিত্তি করে নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর জন্য নির্বাচনের ফল ঘোষণার পর ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।
ইসি বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না জমানোর ব্যাপারে প্রথম চিঠি ১৬ মার্চ পাঠানো হয়েছিল এবং ১৩ মে পর্যন্ত তা দাখিলের অনুরোধ করা হয়। এরপর ১৯ মে একটি সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হলেও সংশ্লিষ্ট দলগুলো সময়সীমা পেরিয়ে তা জমা করেনি।
আরপিওর ৪৪গগগ (৫) ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে হিসাব জমা করতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে। তবুও যদি কোনো দল হিসাব দাখিল না করে, তাহলে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলেরও ব্যবস্থা নেওয়া যেতে পারে।
শোকজ নোটিশে প্রত্যেক দলকে কারণ দর্শাতে বলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে ১০ হাজার টাকার জরিমানা ও ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ আরোপ করা হবে না। এই বিষয়ে লিখিত জবাব দ্রুত নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইসির শোকজ পাওয়া সাতটি দল হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।













