জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম দলটির সদস্যপদ থেকে সরাসরি পদত্যাগ করেছেন। রোববার বিকেলে তিনি নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্ত জানিয়েছেন।
সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপিতে যোগ দেন এবং তখন থেকে দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন যে, ‘‘গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মধ্যপন্থি রাজনীতির নয়া শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করে দিয়েছে।’’
তিনি আরও জানান, ওই সিদ্ধান্তকে রণকৌশল হিসেবে দেখলেও তিনি দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম চালিয়ে গেছেন। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে দলের মধ্যে ডানপন্থার প্রভাব বাড়তে দেখে তার উদ্বেগ ক্রমশ বেড়ে ওঠে। ফলে গত দুই মাস ধরে তিনি রাজনৈতিক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন এবং শেষপর্যায়ে দলের শীর্ষস্থানীয় নেতার কাছে পদত্যাগপত্র পেশ করেন।
তার এই পদত্যাগ দলের অভ্যন্তরে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা এরপর তিনি রাজনৈতিকভাবে কি করণীয় ভাবছেন—তা নিয়ে এখনো কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।












