ঢাকা | সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পিঠাভোগকে রবীন্দ্র জীবনীচর্চার গবেষণাগার হিসেবে গড়া হবে

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, রূপসার পিঠাভোগকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীচর্চা ও গবেষণার একটি বিশেষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ওই গবেষণার জন্য যে সকল সরকারি সহায়তা ও পরিকল্পনা প্রয়োজন তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

গতকাল শনিবার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথা বলেন। সভার আলোচনা বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা’।

হেলাল বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য কেবল বাংলার ভাষা ও সংস্কৃতির অলঙ্কার নয়, এটা মানবতা, অসাম্প্রদায়িকতা, শান্তি ও সৌন্দর্যের এক চিরন্তন দিকনির্দেশনা। তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ যুগে যুগে বাঙালির মনন ও চিন্তাকে আলোকিত করেছে। কবিগুরুর সৃষ্টিকর্ম মানুষের মধ্যে বিভেদ কাটিয়ে মানবিক ও সমতার মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছে। তিনি বলেন, নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চার সঙ্গে আরও গভীরভাবে পরিচয় করাতে হবে, কারণ তাঁর সাহিত্য শুধু আনন্দ দেয় না, জীবন দর্শন ও মানবতা সম্পর্কে গভীর শিক্ষা দেয়।

অতিথি ও বক্তারা আরও উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক। তার সাহিত্য আজও আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে অনুপ্রেরণার উৎস এবং তা নতুন সমাজের আদর্শবান নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। স্মারক বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষাবিদ ও সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। সভার সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন খুলনা সদর সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার মো. জাকারিয়া, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী এবং আরও অনেকে।

এর আগে এমপি আজিজুল বারী হেলাল হীড বাংলাদেশ, খুলনা অঞ্চল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও মাদক সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হীড বাংলাদেশের নির্বাহী সদস্য রোজলীন অর্পিতা সরদার জনগণের কাছে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন ও মাইক্রোফাইন্যান্স উপ-পরিচালক আদিত্য কুমার বিশ্বাস। অনুষ্ঠানে মোট ৭১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৩ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।