ঢাকা | শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু; সন্দেহভাজন রোগীর সংখ্যা ২১,৪৬৭

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে তিনজনের ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম রয়েছে, বাকি দুজন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১,৪৬৭ জনে। একই সময়ে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১,১১৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। একই সময় ল্যাব পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়ায়, গত এক মাসে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা হয়েছে ৩,১৯২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৭ এপ্রিল পর্যন্ত মোট ১৩,৮৯৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১১,২৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীরা চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ এই ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে জনমনে উদ্বেগ বেড়েছে।