আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও সম্মান কুড়ানোর পর মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’ এখন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি সিনেমাহলে সিনেমাটি প্রদর্শিত হবে—নির্মাতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম দফায় ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা শপিং মল শাখা; স্টার সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জ; যমুনা ব্লকবাস্টার সিনেমাস; লায়ন্স সিনেমা; এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে। স্টার সিনেপ্লেক্সের উভয় শাখায় প্রতিদিন দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি করে শো অনুষ্ঠিত হবে।
দেশীয় প্রেক্ষাগৃহে আসার আগে ‘মাস্তুল’ ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নিজের এক শক্ত অবস্থান তৈরি করেছে। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসলের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমাটি মর্যাদাপূর্ণ ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করেছে, যা বাংলাদেশের স্বাধীন ধারার সিনেমার জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে একটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে। ট্যাংকারের প্রবীণ পাচক মকবুল এবং নদীবন্দর এলাকার সুবিধাবঞ্চিত পথশিশু নূরার জীবন সংগ্রামের সূক্ষ্ম ও মানবিক চিত্র এখানে ফুটে উঠেছে। নিঃসঙ্গতা, সম্পর্কের জটিলতা ও ক্ষমতার দ্বন্দ্ব—এসবই ছবির মূল থিম। মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু; এছাড়া দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিকদার মুকিতসহ আরও কয়েকজন পরিচিত মুখে দেখা যাবে।
বিশ্বমঞ্চে সাফল্যের পর ‘মাস্তুল’ এখন দেশীয় দর্শকের সামনে, যারা ছবিটি দেখে দেশীয় বাস্তবতার এক গভীর প্রতিচ্ছবি পাবেন বলে নির্মাতা আশা প্রকাশ করেছেন।














