ঢাকা | রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এনসিপিসহ সাত দলকে ইসি’র কারণ দর্শানোর নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে না জমা দেওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)৷

বৃহস্পতিবার (২৫ জুন) কমিশনের মনির হোসেনের সই করা পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ৪৪(গগগ)(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের পর ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক৷

ইসি বলেছে, প্রথম চিঠি ১৬ মার্চ পাঠিয়ে এসব দলকে ১৩ মে’র মধ্যে হিসাব জমা দেওয়ার অনুরোধ করা হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে সময় বাড়িয়ে ১৩ জুনের মধ্যে জমা দিতে বলা হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া পর্যন্তও ওই দলগুলো হিসাব দাখিল করেনি৷

আরপিওর ৪৪(গগগ)(৫) অনুচ্ছেদ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দিলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা করে সময় বাড়াতে পারে। তাও যদি কোনো দল হিসাব না দেয়, তাহলে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলের ব্যবস্থা গ্রহণও করা যেতে পারে বলে ইসি জানিয়েছে৷

শোকজ নোটিসে সংশ্লিষ্ট দলগুলোকে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁদের ওপর ১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ আরোপ করা হবে না। একই সাথে বলেন হয়েছে, এ বিষয়ে কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে অনতিবিলম্বে লিখিত জবাব দিতে হবে৷

ইসির শোকজ পাওয়া সাতটি দল হলো: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।