খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) মিলিয়ে করা বিশেষ অভিযানে সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য চিৎড়ি বাবুর সহযোগিসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) রয়েছেন। সেই সঙ্গে অভিযান থেকে ১০ জন মাদককারবারি এবং ১ জন চোরকে নিয়েও আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে কমিশনারের নির্দেশনায় বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের যৌথভাবে বিশেষ অভিযান চলে। ওই অভিযানের সময়সীমা ছিল ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ৭ জুন সকাল ১০টা পর্যন্ত। তথ্যটি কেএমপি আজ রোববার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের জানায়।
গ্রেপ্তারকৃতদের থানাভিত্তিক বিবরণে রয়েছে: খুলনা থানা ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৫ জন, লবণচরা থানা ১ জন, হরিণটানা থানা ৬ জন, খালিশপুর থানা ৪ জন, দৌলতপুর থানা ২ জন, আড়ংঘাটা থানা ৭ জন এবং খানজাহান আলী থানা ৫ জন।
কেএমপি বলছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। তারা আরও জানায় যে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।














