ঢাকা | মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্যমন্ত্রী: ইতোমধ্যেই দুই কোটি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে ইতোমধ্যেই দুই কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে এবং টিকাদান কার্যক্রমের সফলতা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১২২ শতাংশে পৌঁছেছে। আজ দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় পরিচালিত টিকাদান ক্যাম্পেইনের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে হাম রোগের সংক্রমণ অনেকাংশে কমে এসেছে। তিনি জানান, ১২২ শতাংশের অর্থ হচ্ছে নির্ধারিত লক্ষ্যকে ছাড়িয়ে আরো বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে, এবং সরকারের মূল লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে শতভাগ টিকাদান নিশ্চিত করা।

ঈদুল আযহা উপলক্ষে সেবা মান নিশ্চিত করতে মন্ত্রী সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তিনি জরুরি সেবা, রোগী ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ততা খতিয়ে দেখেন। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের শারীরিক অবস্থা ও হাসপাতালের খাবারের মান সম্পর্কেও খোঁজখবর নেন।

মন্ত্রীর সঙ্গে পরিদর্শনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ জাহান, সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।