খুলনার ডুমুরিয়া উপজেলায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পরে জনগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবী। তিনি বলেন, ডুমুরিয়ায় ভূমি সংক্রান্ত সকল সেবায় সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং কোনোভাবেই নাগরিকদের হয়রানির শিকার হতে দেওয়া হবে না।
সংসদ সদস্য আরও বলেন প্রযুক্তি ও অনলাইন ব্যবহারে নাগরিকদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে, তাই প্রান্তিক মানুষ যাতে ঘরে বসেই বা সেবা কেন্দ্রে স্বচ্ছভাবে সেবা নিতে পারে সে বিষয়ে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে হয়রানি বা প্রতারণার চেষ্টা করে, তা নির্দয়ভাবে প্রতিরোধ করা হবে।
সভায় বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ আছের আলী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফহরাদ হোসেন, ডুমুরিয়া উপজেলা কানুনগো মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, থুকড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মুফতি আব্দুল মালেক ও সজিব কুমার বিশ্বাস।
মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের ব্যবস্থা, ই-নামজারি সহায়তা, ই-পর্চা ও ডিজিটাল মৌজা ম্যাপ সেবা, ডিসিআর ও খতিয়ান সংগ্রহ, স্মার্ট ভূমি রেকর্ড বিতরণ এবং অভিযোগ প্রতিকার ও গণশুনানির সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও দেখানো হচ্ছে এবং ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ ও land.gov.bd পোর্টালের ব্যবহার হাতে-কলমে শেখানোর কার্যক্রম চলছে।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা খোলা থাকবে এবং সকল নাগরিককে আধুনিক, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নেওয়ার জন্য মেলায় আসার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।














