ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চৌদ্দগ্রামের হিম্মতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হিম্মতপুর সীমান্তস্থ এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযানে ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি টহলদল গতকাল রাতে মাদক ও চোরাচালান বিরোধী উদ্দেশ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন এক যানবাহনসহ অনির্দিষ্ট সংখ্যক ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,১৪,৪০,০০০ টাকা (এক কোটি চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা)। উদ্ধারকৃত এসব পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমন করার লক্ষ্যে ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিশেষ অভিযান চালিয়ে আসছে। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সতর্কতা ও তৎপরতা বৃদ্ধি রাখা হয়েছে যাতে অনিয়ম ও অবৈধ পণ্য চলাচল বন্ধ রেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা যায়।