ঢাকা | মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রণয় ভার্মা: বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দিন দিন স্বাভাবিক রূপ নিচ্ছে। তিনি এই মন্তব্য করেছেন সোমবার (১৩ এপ্রিল) সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাতের পর।

প্রণয় ভার্মা বলেন, দুদেশের মধ্যে ঐতিহ্যগত আবেগ ও সাংস্কৃতিক বন্ধন ধরে রাখতে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক এখন শক্তিশালী অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এনার্জি, যোগাযোগ ও সংস্কৃতি সহ নানা খাতে দুই দেশের সম্পর্ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। একে কাজে লাগিয়ে এমন উদ্যোগ নেওয়া হবে যেখানে দুই দেশের সাধারণ মানুষই সরাসরি উপকৃত হবে।

দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংহতির কথাও তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, এই বন্ধনকে ভিত্তি করে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতা করা হবে। তিনি জানান, সংসদীয় পর্যায়ে কৌশলগত আদান-প্রদান ও যোগাযোগ নিয়মিতভাবে বজায় রাখার বিষয়ে আলাপ হয়েছে।

সাক্ষাৎকালে দুপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক আগ্রহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।