সরকার ও রাজনৈতিক দল আলাদা রাখার নীতির অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সাকির সিদ্ধান্ত অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নেন দেওয়ান আবদুর রশিদ নিলু। সংবাদ সম্মেলনে সাকি বলেন, ‘সরকার ও রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে পৃথক রাখার স্বার্থেই আমি দলীয় প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।’
তিনি জাতীয় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গেও মন্তব্য করেন। সাকি জানান, সনদ বাস্তবায়নের যেসব নিয়মনীতি চূড়ান্ত করা হবে তা নিয়ে আলোচনা চলছে, কিন্তু এই প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই বিশেষ গুরুত্ব পাবে।
প্রসঙ্গত, গত বছর ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন এবং ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি। পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম দফায় তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।












