ঢাকা | বুধবার | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রমমন্ত্রী জানান—৮ এপ্রিল থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের কার্যক্রম শুরু

শুক্রবার (৮ এপ্রিল) থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। উৎপাদনে গতি ফিরিয়ে আনতে প্রয়োজনে শ্রমিকদের প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

মন্ত্রীর এই ঘোষণা দেয়া হয়েছে সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপ ও সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এক জরুরি আলোচনা সভার পর। গত ৫ এপ্রিল তেজগাঁও সড়ক অবরোধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা মেটাতে এই বৈঠক ডাকা হয়েছিল।

আরিফুল হক চৌধুরী বলেন, কর্মসংস্থান রক্ষার স্বার্থে কারখানার কার্যক্রম নিবার্চিতভাবে অব্যাহত রাখা জরুরি। আইনগত বিধির সঙ্গে সঙ্গতি রেখে মন্ত্রণালয় সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। সঙ্গে তিনি পুনরায় অনুরোধ করেন যে, উৎপাদনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে প্রয়োজনে শ্রমিকরা এক ঘণ্টা অতিরিক্ত কাজ করে প্রশাসনের সহযোগিতা করুন, কিন্তু কোনো শ্রমিক বা কর্মচারীর সঙ্গে হয়রানিমূলক আচরণ করা যাবে না।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়া মেনে চলাই কার্যকর পথ; কোনো এক জনের অনুপস্থিতি বা আইনি জটিলতা কোনো চালু থাকা কারখানা বন্ধ করার কারণ হতে পারে না। তিনি শ্রমিকদের অধিকার সুরক্ষায় সময়োচিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিরা কারখানা সচল রাখতে সরকারের হস্তক্ষেপ চান এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানটির আর্থিক ও ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরে এগুলো দ্রুত নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর ঘোষণায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও উৎপাদন পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।