ঢাকা | শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন সময় ঘটে যাওয়া যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মঙ্গলবার সকালের সময় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী এ. ন. ম. এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাত করেছেন। বৈঠকে রাজধানীতে স্কুল চলার সময় কিভাবে যানজট সৃষ্টি হয় এবং তা নিরসন করতে কী ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে—এসব বিষয়ে আলোচনা হয়েছে।

রুমন বলেন, ‘উদাহরণ হিসেবে দেখা গেছে—একটি স্কুলে ১৫০ শিক্ষার্থীর জন্য সামনে প্রায় ১০০টি গাড়ি ভিড় করে, ফলে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা স্কুলে সময়মতো পৌঁছাতে সমস্যার সম্মুখীন হন।’ তিনি জানান, এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে ঠিক কী কী বিকল্প গ্রহণ করা হবে, তা মন্ত্রণালয় তৈরী করা প্রস্তাবনায় বিস্তারিতভাবে তুলে ধরা হবে।