স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ উদ্যাপন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দদায়ক। শনিবার সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করা দেশের মানুষের জন্য বড় অর্জন। এমন একটি পরিবেশ সৃষ্টি হওয়া স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং সংগ্রামের ফল হিসেবে তিনি ব্যখ্যা করেন।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় হওয়া একটি নতুন ধাপে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে বিনির্মাণের পথে এগিয়ে নেওয়ার নির্দেশক। তিনি এটিকে দেশের জন্য একটি আশাব্যঞ্জক সঙ্কেত হিসেবে দেখেন।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি স্মরণ করে মির্জা ফখরুল বলেন, এই আনন্দের মধ্যে কিছুটা বিষাদও রয়েছে। তবে তিনি আশা ব্যক্ত করেন, দেশের মানুষ যে দীর্ঘ লড়াই ও আকাঙ্ক্ষা করেছেন, তার ফলস্বরূপ গড়ে ওঠা গণতান্ত্রিক পরিবেশের পথ ধরে দেশ সামনে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
আসন্ন ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজে উপস্থিত ছিলেন এবং আশপাশের সড়ক মিলিয়ে মোটামুটি এক লাখ মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।












