ঢাকা | শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খাল খনন কর্মসূচি-২০২৬ উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দেশে পরিচালিত ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে রাজধানীর ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, তিনি সৈয়দপুরে এসে সেখান থেকে সড়ক পথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে গমন করবেন এবং সেখানে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকার বিমানবন্দর ত্যাগ করেন। খননকাজ উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জনসভা শেষে তিনি জেলা শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন এবং সেখানে তার নানা-নানি এবং খালার কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরেই অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে।