ঢাকা | বৃহস্পতিবার | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কোনও রোগী চিকিৎসা ও ওষুধ ছাড়া ফেরত যাবে না: ডা. লিটন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো রোগী যেন চিকিৎসা ও ওষুধ ছাড়া হাসপাতাল থেকে ফিরে না যায়। তিনি বলেন, রোগীদের সঙ্গে সদয় ও সম্মানজনক আচরণ করতে হবে এবং তাদের সম্পূর্ণ চিকিৎসাসেবা নিশ্চিত রাখতে হবে। এই কথা বলেন তিনি বুধবার (৪ মার্চ) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালিত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে।

হাসপাতালের সেবা মান সম্পর্কে তিনি আরও বলেন, রোগীরা যেন চিকিৎসা নিয়ে বের হয়ে বলতে পারে—আগের তুলনায় এখনকার স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে সব ধরনের চিকিৎসা সেবা ও রোগ নির্ণয়ের পরীক্ষাগুলো সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম জিয়াউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।

সভায় হাসপাতালের কার্যক্রম, পরীক্ষার মান ও রোগী সেবায় শৃঙ্খলা রক্ষা এবং চিকিৎসা সামগ্রী নিশ্চিতকরণের উপর জোর দেয়া হয়। উপস্থিতরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম জরুরি ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।