ঢাকা | মঙ্গলবার | ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নকলা থেকে দুই ট্রাক অবৈধ সার জব্দ

শেরপুরের নকলা উপজেলায় অবৈধভাবে ইউরিয়া সার পাচারকালে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি) ৯৮০ বস্তা সার জব্দ করা হয়েছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর বাজারের পৃথক দুই স্থানে সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামে দুই ডিলার পয়েন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক দুটি অবৈধ সারসহ আটক করা হয়।

খবর পাওয়ার পরই উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ট্রাক দুটি নকলা থানা পুলিশের সহযোগিতায় হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। তদন্তে জানা যায়, ট্রাকগুলোতে থাকা সারগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

অভিযোগকারী ডিলাররা জানান, তারা সার কিনে ডিও করেছেন, এ জন্য ঝিনাইগাতী জেলার বাফার জোন সার প্রেরণ করেছে। তারা এ বিষয়ে কোথা থেকে সার এসেছে, সে সম্পর্কে অবগত নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ জানান, আশুগঞ্জের যমুনা সার কারখানা থেকে সার সরবরাহের কথা থাকলেও, ঝিনাইগাতী বাফার জোনের ইনচার্জের যোগসাজশে নকলা ডিলার পয়েন্টে সার স্থানান্তর করা হয়। এটি সম্পূর্ণ বেআইনি। এ কারণে ট্রকগুলো এখন নকলা থানার হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।