ঢাকা | বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, দাদাগিরি বরদাস্ত করব না: রাশেদ খান

ঝিনাইদহ: বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও কোনো প্রকার দাদাগিরি তিনি বরদাস্ত করবেন না। তিনি ওই মন্তব্য করেন শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে।

রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘‘বিগত ১৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করায় আমরা চীনের মতো উন্নতি করতে পারিনি।’’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘‘ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু দাদাগিরি কেউ করলে আমরা মানব না।’’

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ‘‘বিজিবি এখন আবার সাহস ফিরে পেয়েছে। সীমান্তে এখন চোখে চোখ রেখে জবাব দেওয়ার সক্ষমতা আগের মতো ফিরে এসেছে।’’

রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘‘আজ যারা বলে বিএনপি ভারতের দালালি করছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। যদি বিএনপি ভারতের দালালী করতো, তাহলে সরকারের প্রধান চীন সফরে যাওয়ার আগে কেন প্রথমে ভারত সফর করতেন?’’

তিনি আরও আক্রমণাত্মক টোনে বললেন, ‘‘জামায়াত ও এনসিপি নেতারা সরকার পতানের হুমকি দিয়েছে। আপনারা ১৭ বছর ধরেই দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি, তবু বড় বড় কথা বলছেন।’’ হাসনাত আবদুল্লাহর সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জের প্রসঙ্গে রাশেদ খান প্রশ্ন তুলেন, ‘‘হাসনাত আবদুল্লাহ যদি ইউনুস সরকারের সময় নিজের এলাকায় সরকারি বরাদ্দ নিয়েছেন, সেটা কি দুর্নীতি নয়?’’

পুশইন ইস্যু সম্পর্কে তিনি মন্তব্য করে বলেন, ‘‘বিজিবি এখন সাহসিকতার সঙ্গে কথা বলছে। বিএনপি ক্ষমতায় এলে সীমান্তে বিন্দু বিন্দুভাবে চোখে চোখ রেখে জবাব দেবে। আমরা কোনো দেশের দালালি করি না—না ভারতের, না পাকিস্তানের।’’

শেষে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আজ শিবিরের কেন্দ্রীয় কেউ পাকিস্তানে গিয়েও লাল গালিচা সংবর্ধনা নিয়ে এসে বিএনপিকে ‘ভারতের দালাল’ বলছে—তাহলে তারা কি পাকিস্তানের দালাল?’’