ঢাকা | রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউজ মাঠে শনিবার (২০ জুন) বিকেলে অনুষ্ঠিত ১১ দলের বৃহৎ বিভাগীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতিকে সতর্ক করে বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য রাজপথে শক্তভাবে আন্দোলন গড়ে তোলা হবে এবং ’আরেকটি অনিবার্য বিপ্লবের’ জন্য দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, সাম্প্রতিক নির্বাচনে চুরি-ডাকাতি ও নানা প্রকার ইঞ্জিনিয়ারিং করে সরকার কর্তৃক ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এত বড় অন্যায়ের পরও যাতে দেশে কোনো গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়—এখেত্রে বৃহত্তর স্বার্থ বিবেচনায় তাঁরা ঐ নির্বাচনের ফল মেনে নিয়েছিলেন।

ডা. শফিকুর রহমান সতর্কভাবে জানান, ‘‘চব্বিশের জুলাই সনদ যদি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তাহলে এবার বিষয়টি সংসদে নয়, রাজপথে চূড়ান্তভাবে নিরূপণ করা হবে।’’ তাঁর ভাষায়, জনগণকে সংগঠিত করে রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি সৃষ্টি করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালানো হবে।

সভাটি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী কয়েকজন বরেণ্য রাজনৈতিক নেতার মধ্যে ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং এনসিপির নাসিরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

সমাবেশের অন্যান্য নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন এবং জনগণকে যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও গতিশীল থাকতে আহ্বান জানান। তারা বলেন, শান্তিপূর্ণ ও সুশাসিত একটি সমাজ ফেরত আনার জন্য জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য।