ঢাকা | শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধারণক্ষমতা ৪৫ হাজারের বিপরীতে কারাগারে ৭৭ হাজার বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, দেশের ৭৫টি কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা অনুমোদিত ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ ধরে বেশি রয়েছে।

মন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫,১৩৬ জন (পুরুষ ৪৩,১০৭ জন ও নারী ২,০২৯ জন)। কিন্তু বর্তমানে সেখানে বন্দি রয়েছেন মোট ৭৭,০৪০ জন (পুরুষ ৭৪,০৩৬ জন ও নারী ২,০৭৭ জন)। এই সংখ্যাই ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ বলে তিনি সংসদকে জানান।

স্বরাষ্ট্র মন্ত্রী একই সঙ্গে বলেন যে, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকার কারণে কয়েকটি কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান আছে। এসব নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২,৯৫৫ জন বাড়বে এবং সামগ্রিক ধারণক্ষমতা ৪৮,১৩১ জনে উন্নীত হবে।

তার পাশাপাশি রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগারগুলোর পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; এগুলো বাস্তবায়িত হলে দেশের কারাগার ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন।