ঢাকা | রবিবার | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষে মাহমুদুল হক রুবেল জয়ী

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে ৪৭ হাজার ৫১ ভোট পেয়েছেন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কতৃক মনোনীত মো. মিজানুর রহমান মাত্র ৪৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

পোস্টাল ভোটসহ মোট ১২৯টি কেন্দ্রের গণনা শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটায় জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে এবং তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। মোট ভোটার উপস্থিতি ৫০.৫২ শতাংশ রেকর্ড করা হয়েছে।

ভোট চলাকালীন জামায়াতের প্রার্থী অভিযোগ তুলে বিকাল ৩টায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনের বর্জনের ঘোষণা দেন। তিনি দাবি করেন যে তার এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়া হয়েছে, জাল ভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনার কথা রয়েছে এবং অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, এ আসনে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জামায়াত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ভোট স্থগিত করা হয়। পরে আজ উপনির্বাচনের মাধ্যমে এ আসনের ভোটগ্রহণ সম্পন্ন হলো।