ঢাকা | শনিবার | ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মির্জা আব্বাস সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করেন।

চলতি বছরের ১৫ মার্চ তাকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেসময় থেকে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে যাচ্ছেন বলেই চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন; তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিতে যাবেন বলে জানা গেছে।

দলের নেতাকর্মীরা দুই সিনিয়র নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তাদের ফিরতি চিকিৎসা ও আরোগ্য কামনায় দোয়া করছেন।