ঢাকা | সোমবার | ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে: ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা নগরের বাড়তে থাকা যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

শনিবার নগরীর ১০ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ও পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “যানজট কমাতে অটোরিকশা কমানো হবে। এতে যদি কারো মন খারাপ হয়, তাতে আমাদের কিছুই করার নেই।”

প্রশাসক আরও জানান, নগরের স্থায়ী বাসিন্দাদের মালিকানাধীন অটোরিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। এই নিবন্ধনের মাধ্যমে অটোরিকশার চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং অনিয়ন্ত্রিত যান কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুমিল্লাকে বাসযোগ্য, আধুনিক ও ‘মশামুক্ত এবং পরিচ্ছন্ন সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনদূর্ভোগ হ্রাসে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

প্রশাসক টিপু উল্লেখ করেন, প্রায় ১৫ লাখ মানুষ বসবাসকারী এই শহরে সীমিত অবকাঠামো, ফুটপাত দখল এবং অব্যবস্থাপনার কারণে যানজট, জলাবদ্ধতা ও জনদূর্ভোগ বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বললেন, “সবাই একসাথে কাজ করলে কুমিল্লাকে একটি ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করা সম্ভব।”

পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।