পবিত্র ঈদুল ফিতরের দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের জনপ্রিয় পর্যটনস্থলগুলোতে সরাসরি এসে পর্যটকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
গত রবিবার সারাদিন তিনি দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্পট পরিদর্শন করেন। ভিড় জমানো সড়ক ও পর্যটনকেন্দ্রে এসে তিনি দেশ-বিদেশ থেকে আগত পর্যটক, দর্শনার্থী ও দূরপাল্লার গাড়ি চালকদের সঙ্গে কথা বলেন, তাদের ভ্রমণের অভিজ্ঞতা শুনেন এবং সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিয়েও খোঁজখবর নেন।
পর্যটকরা এমপির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধতা প্রকাশ করেন। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা ইতি বড়ুয়া বলেন, “কোনো সংসদ সদস্যকে সরাসরি পর্যটনস্পটে এসে দর্শনার্থীদের খোঁজ নিতে আগে কখনও দেখিনি। শ্রীমঙ্গলে এসে ভিন্ন এক অভিজ্ঞতা পেলাম। তিনি নিজে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন—এটি আমাদের জন্য বড় পাওয়া।”
কুমিল্লা থেকে ভ্রমণে এসেছে ইশরাত জাহান ইমা। তিনি বলেন, “আমরা প্রথমবার শ্রীমঙ্গল যাচ্ছি। বধ্যভূমি পরিদর্শনের সময় হঠাৎ এমপি সাহেব আমাদের কাছে এসে জানতে চাইলেন কোনো সমস্যা হচ্ছে কি না। পরে পরিবারের সবাই মিলে তাঁর সঙ্গে ছবি তোলে—এই স্মৃতি আমাদের ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।”
এ বিষয়ে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আমার নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। ঈদের ছুটিতে এখানে দেশজুড়ে মানুষ আসে। এলাকাবাসীসহ আগত অতিথিদের খোঁজ নেওয়াও আমার দায়িত্বের অংশ হিসেবে দেখি।”
তিনি আরও জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। বিভিন্ন স্থানে স্থানীয় নেতা-কর্মীরা পানি সরবরাহসহ নানা স্বেচ্ছাসেবামূলক কাজ করে সহায়তা করছেন, যাতে ভ্রমণকারীরা আরাম ও সুরক্ষা পায়।
টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের এসআই বাসু কান্তি বলেন, ঈদ উপলক্ষে পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা কয়েকগুণ জোরদার করা হয়েছে এবং টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে পর্যটকরা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন জনপ্রতিনিধির এমন সরাসরি উপস্থিতি পর্যটকদের মধ্যে আস্থা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে অঞ্চলটির পর্যটনশিল্পের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।














