ঢাকা | রবিবার | ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈদুল ফিতরে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি সরাসরি হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা ও রোগী ব্যবস্থাপনার মান যাচাই করেন।

মন্ত্রী হাসপাতালের রন্ধনশালায় গিয়ে ঈদ উপলক্ষে রোগীদের জন্য প্রস্তুত করা খাবার নিজে খেয়ে খাবারের মান যাচাই করেন। এর পর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তিনি জানতে চান কারো কোনো সমস্যা বা অসুবিধা আছে কি না।

পরিদর্শনের সময় এক অসচ্ছল গ্যাস্ট্রো রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দ্রুত রাজধানীর বিশেষায়িত গ্যাস্ট্রো হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। এছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

জানিয়েছেন, জনবল সংকট কাটাতে দীর্ঘদিন ডেপুটেশনে থাকা দশজন চিকিৎসকের অর্ডার আগামী এক মাসের মধ্যে বাতিল করার প্রক্রিয়া নেওয়া হবে। তিনি কুকুর ও বিড়ালের কামড়ের ভ্যাকসিন এবং এক্স-রে ফিল্মের ঘাটতি ও বরাদ্দ বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্যখাতকে আরও উন্নত ও স্বচ্ছ করতে সম্মিলিত প্রচেষ্টার যোগ্যতা থাকা জরুরি। তিনি আরও জানান, অল্পসময়ের মধ্যেই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক ও উন্নত সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী, কাপাসিয়া প্রেসক্লাব ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মন্ত্রীকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পাশ্ববর্তী মনোহরদীর কৃতিসন্তান হিসেবে কাপাসিয়াকে বিশেষভাবে নজরে রাখার দাবি উত্থাপিত হয়। মন্ত্রী স্থানীয়রা যেন ডিউটির সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা রোগী দেখার বিষয়টি নিয়ন্ত্রণে সহায়তা করে, সে বিষয়ে সতর্ক করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদরুজ্জামান বেপারী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক পরিবর্তন দেখার প্রত্যাশা রাখেন।