ঢাকা | বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের জামিন, আপাতত মুক্তিতে বাধা নেই

হাইকোর্ট বেঞ্চ বেআইনিভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে দায়কৃত মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে জামিন দিয়েছেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই আদেশ দেন।

খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তার আইনজীবীরা জানান, আপাতত কোনো বাধা নেই, ফলে তিনি মুক্তি পেতে পারেন।

গত বছরের আগস্টে বেআইনিভাবে রাজউকের একটি প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে দুদক একটি মামলা দায়ের করে।

এর আগে গত ৪ মার্চ হাইকোর্ট তাকে চারটি মামলায় জামিন দেন—এই মামলাগুলোর মধ্যে রয়েছে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি সংক্রান্ত অভিযোগ।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডিতে তার বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়।