ঢাকা | শনিবার | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ফিফা গাজায় ৫০ মিলিয়ন ডলারের আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসে নবগঠিত ‘বোর্ড অব পিস’–এর প্রথম বৈঠকে ঘোষণা করেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের অংশ হিসেবে ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। বোর্ডটি আন্তর্জাতিক সহযোগিতা ও পুনর্গঠন কর্মসূচিতে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে গঠিত বলে তিনি জানান।

ফিফার পরিকল্পনায় নতুন স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে ২০ হাজার থেকে ২৫ হাজার দর্শক এবং সেখানে একটি ফিফা একাডেমি স্থাপন করা হবে, যাতে স্থানীয় তরুণদের প্রশিক্ষণ, কোচিং ও সুযোগ সৃষ্টি করা যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের সংবাদে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় আরও ৫০টি ছোট ফুটবল মাঠ ও পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণের জন্য অর্থায়ন করা হবে, যা স্থানীয় ক্রীড়া অবকাঠামো বাড়াতে সহায়ক হবে।

ইনফান্তিনো বলেন যে পুনর্গঠন শুধু ঘরবাড়ি, স্কুল বা হাসপাতাল গড়া নয়; মানুষের আশা, আবেগ ও বিশ্বাসও আবার গড়ে তুলতে হবে এবং ফুটবল সেই পুনরুজ্জীবনের শক্তি জোগাতে পারে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য ১০ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা দেন; অন্য নয়টি দেশ মিলিয়ে ৭ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং পাঁচটি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, গাজায় আলাদা কোনো জাতীয় ফুটবল দল না থাকলেও ১৯৯৮ সাল থেকে ফিফা গাজা ও পশ্চিম তীরকে প্রতিনিধিত্বকারী একীভূত ফিলিস্তিনি দলকে স্বীকৃতি দিয়ে আসছে। ফিফার এই স্টেডিয়াম ও একাডেমি প্রকল্প স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সুযোগ দেওয়ার পাশাপাশি স ঐক্যবদ্ধ পুনর্গঠনের একটি প্রতীক হিসেবে কাজ করার সম্ভাবনা রাখে।