ঢাকা | বুধবার | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

রপ্তানি আয়ে মন্দা অব্যাহত, জানুয়ারিতেও নেতিবাচক প্রবৃদ্ধি

২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি আয় সামান্য হ্রাস পেয়ে ৪.৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৪৩ বিলিয়ন ডলারের থেকে মোট শূন্য দশমিক ৫ শতাংশ কম। এই পতন স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতিতে কিছু উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) দেশটির মোট রপ্তানি আয় ১.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪১২ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগে, গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২৮ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আরো বেশি উদ্বেগজনক বিষয় হলো, ডিসেম্বর মাসে রপ্তানি আয় ১৪.২৫ শতাংশ কমে গেছে।

বিশ্লেষকদের মতে, ধারাবাহিকএই হ্রাসের ফলে দেশের অর্থনীতিতে প্রতিকূল প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিকে আরও দুর্বল করে দিতে পারে। দেশের রপ্তানি খাতের এই দুরাবস্থা দীর্ঘমেয়াদে সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে।